বনজ সম্পদ রক্ষায় বড়সড় সাফল্য পেল বনদপ্তর। বিশালগড় মহকুমার রাজনগর এলাকার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে একটি অবৈধ স-মিল এবং জেনারেটর উদ্ধার করেছে বনদপ্তর। তবে অভিযানের খবর পেয়ে বনদস্যুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।বনদপ্তর সূত্রে জানা যায়, বিশালগড় মহকুমা বন আধিকারিক ঈশান লাল-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে বনকর্মীরা রাজনগর এলাকার গভীর জঙ্গলে প্রবেশ করে অবৈধ কাঠ চেরাই কার্যকলাপের সন্ধান পান।অভিযানের সময় বনদস্যুদের ধাওয়া করা হলে তারা জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি অবৈধ স-মিল এবং একটি জেনারেটর উদ্ধার করে চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফরেস্টার বিজয় ঘোষ জানান, উদ্ধার হওয়া স-মিল ও জেনারেটরের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে ওই জঙ্গলে অবৈধভাবে চোরাই কাঠ চেরাইয়ের কাজ চলছিল।বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক বনদস্যুদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি বনাঞ্চলে অবৈধ কাঠ পাচার ও বনজ সম্পদ ধ্বংসের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।এই অভিযানের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বনজ সম্পদ রক্ষায় বনদপ্তরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পরিবেশপ্রেমী ও সচেতন মহল।
গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান! উদ্ধার অবৈধ স-মিল ও জেনারেটর, চম্পট বনদস্যুরা
