গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যাত্রাপুর থানার পুলিশ। বুধবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে এক যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, ১৮ জুন গভীর রাতে খবর পাওয়া যায় যে থানা এলাকার বাঁশপুকুর গ্রাম পঞ্চায়েতের মহরম আলীপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেনের বাড়িতে অবৈধভাবে মাদকদ্রব্য এবং একটি আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে।খবর পাওয়ার পর ওসি পার্থনাথ ভৌমিকের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, রুমি আক্তার, TSR জওয়ান এবং থানার পুলিশ বাহিনী রাতেই অভিযানে নামে। রাত প্রায় ৩টা নাগাদ আক্তার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়।পুলিশের দাবি, তল্লাশির সময় বসতঘর থেকে একটি প্লাস্টিকের ড্রামে রাখা প্রায় ২০ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা, ২০ বোতল এসকাফ সিরাপ এবং একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করে বাড়ির মালিক ২৪ বছর বয়সী আক্তার হোসেনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এত বড় পরিমাণ মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্রের উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রাসঙ্গিক আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে যাত্রাপুর থানার পুলিশ।
মধ্যরাতের অভিযানে পুলিশের বড় সাফল্য! ২০ কেজির বেশি গাঁজা, এসকাফ সিরাপ ও দেশি বন্দুক উদ্ধার
