কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ১৮ আগস্ট রাত ২টা ৩২ মিনিট নাগাদ প্রায় ১০ থেকে ১৩ জনের একটি দল বাড়িতে ঢোকার চেষ্টা করে।বাড়িতে থাকা CCTV ক্যামেরায় ঘটনার বেশ কিছুটা অংশ ধরা পড়ে। এরপর দুষ্কৃতকারীরা ক্যামেরাটি ভেঙে খুলে নিয়ে যায় বলে অভিযোগ। আইনজীবীর দাবি, CCTV চুরি করার উদ্দেশ্যে সেটি সরানো হয়েছিল, নাকি নিজেদের গতিবিধির প্রমাণ মুছে ফেলতেই ক্যামেরাটি নিয়ে যাওয়া হয়েছে—তা তদন্তেই স্পষ্ট হবে।পরিবারের অভিযোগ, এর আগের দিন, ১৭ আগস্ট রাতেও বাড়ির পিছনের একটি বেড়া ভাঙার ঘটনা ঘটে। বাড়িটি কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় সংলগ্ন হওয়ায় কলেজ চত্বরে পর্যাপ্ত CCTV নজরদারি না থাকা নিয়েও প্রশ্ন উঠেছে।ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে আইনজীবীর পরিবার। তাঁদের অভিযোগ, রাতে একাধিকবার থানায় ফোন করা হলেও দীর্ঘ সময় পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদিও ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের পরিচয় এখনও নিশ্চিত নয়।এদিকে, ১৯ আগস্ট দুপুর ২টা নাগাদ আইনজীবীর পরিবারের পক্ষ থেকে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। CCTV ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গভীর রাতে আইনজীবীর বাড়িতে ঢোকার চেষ্টা! ভাঙচুরের পর CCTV নিয়ে গেল দুষ্কৃতকারীরা
