উত্তর ত্রিপুরার কদমতলা বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখাকে ঘিরে ক্রমশ বাড়ছে গ্রাহকদের ক্ষোভ। সাধারণ মানুষের সুবিধার্থে গড়ে ওঠা এই ব্যাংক শাখার বিরুদ্ধে এবার উঠছে একের পর এক গুরুতর অভিযোগ। স্থানীয় গ্রাহকদের দাবি, ব্যাংকে প্রয়োজনীয় পরিষেবা পেতে গিয়ে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের।অভিযোগ অনুযায়ী, ব্যাংকের কর্মীদের একাংশ গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং প্রয়োজনীয় তথ্য বা সহায়তা দিতে গড়িমসি করছেন। বিশেষ করে প্রবীণ নাগরিক, মহিলা এবং দূরদূরান্ত থেকে আসা গ্রাহকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সঠিক পরিষেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। অনেকেই জানান, সামান্য কাজের জন্যও বারবার ব্যাংকে ঘুরতে হচ্ছে তাঁদের।স্থানীয়দের আরও অভিযোগ, ব্যাংকের ভিতরে পর্যাপ্ত বসার ব্যবস্থা নেই, টোকেন বা সুশৃঙ্খল পরিষেবা ব্যবস্থাও কার্যত অচল। ফলে প্রতিদিনই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে ক্ষুব্ধ গ্রাহকদের একাংশ ব্যাংক কর্মীদের “তালা বন্দি” করে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারিও দিয়েছেন।এদিকে, ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রাহকদের দাবি, দ্রুত পরিষেবার মানোন্নয়ন ও কর্মীদের আচরণে পরিবর্তন না এলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। যদিও এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
“গ্রাহক সেবায় চরম অব্যবস্থা! কদমতলা গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন মানুষ”
