Headlines

চাকরি ও যুব অধিকার নিয়ে ২১ সেপ্টেম্বর আগরতলায় যুব কংগ্রেসের মহামিছিল

চাকরিতে নিয়োগ, পিআরটিসি বাধ্যতামূলক করা-সহ একাধিক দাবিতে আগামী ২১ সেপ্টেম্বর আগরতলায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল সদর জেলা যুব কংগ্রেস। সদর জেলা যুব কংগ্রেসের সভাপতি ডা. পার্থ প্রতিম দত্তের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের যুবসমাজকে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।যুব কংগ্রেসের অভিযোগ, রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্যপদ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। টেট উত্তীর্ণ বেকারদের নিয়োগ, বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব এবং নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতারা।বক্তাদের দাবি, চলতি বিধানসভা অধিবেশনে রাজ্যে সাড়ে তিন হাজারেরও বেশি শূন্যপদের কথা জানানো হলেও বহু পদে এখনও নিয়োগ হচ্ছে না। অর্থ দপ্তরের অনুমোদন থাকা সত্ত্বেও নিয়োগ না হওয়ায় শিক্ষিত বেকারদের মধ্যে হতাশা বাড়ছে বলেও অভিযোগ করা হয়।এদিন বক্তারা আরও অভিযোগ করেন, কর্মসংস্থানের অভাবে যুবসমাজের একাংশ নেশার দিকে ঝুঁকছে। তাই বেকারত্বের সমস্যা সমাধানে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং চাকরিপ্রার্থীদের দাবির প্রতি সরকারকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানানো হয়।যুবকদের অধিকার ও ভবিষ্যৎ রক্ষার এই আন্দোলনকে বৃহত্তর সামাজিক লড়াই হিসেবে তুলে ধরে আগামী ২১ সেপ্টেম্বরের কর্মসূচিতে রাজ্যের সমস্ত যুবক-যুবতীকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *