Headlines

ছয় দফা দাবিতে জেলা শাসকের দ্বারস্থ ‘আমরা বাঙালি’, নারী নিরাপত্তা থেকে কর্মসংস্থানে জোর

আগরতলা, ১৮ জুন: নারী নিরাপত্তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং কর্মসংস্থানের দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ‘আমরা বাঙালি’ দল। বৃহস্পতিবার দলের এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জনস্বার্থ সম্পর্কিত ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয়।দলের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মাদকদ্রব্যের প্রসার এবং নারী নির্যাতনের ঘটনায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের ছাত্রী মনীষা দাসের রহস্যজনক মৃত্যু এবং উদয়পুরের আঠারভোলা এলাকায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।ডেপুটেশনে দাবি জানানো হয়, মনীষা দাসের মৃত্যুর ঘটনায় একজন কর্মরত হাইকোর্ট বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নারীঘটিত অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন ও প্রয়োজনীয় আইনি সংশোধনেরও দাবি জানানো হয়।এছাড়াও রাজ্যজুড়ে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, ব্লকভিত্তিক শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আগরতলা পুরনিগমের বর্ধিত এলাকায় খালি জমির উপর আরোপিত বর্ধিত কর প্রত্যাহারের দাবি উত্থাপন করা হয়।দলের নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থে উত্থাপিত এই দাবিগুলি দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেই তারা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *