ধর্মনগর, ৪ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, গত এক বছর ধরে শহরে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। সর্বশেষ, ধর্মনগর শহরের শিববাড়ি এলাকার একটি শিবমন্দিরে ফের চুরির ঘটনা সামনে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ছয় মাসের মধ্যে একই শিবমন্দিরে এটি ষষ্ঠবারের মতো চুরির ঘটনা। এবার মন্দির থেকে আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের তামা, কাঁসা ও পিতলের বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধারাবাহিক চুরির ঘটনা ঘটলেও অপরাধীদের গ্রেপ্তার বা চুরি রোধে কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না। ফলে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে বারবার একই মন্দিরে চুরির ঘটনায় দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ছয় মাসে ছয়বার চুরি একই শিবমন্দিরে! আতঙ্কে ধর্মনগরবাসী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
