আগরতলা, ৪ আগস্ট: বকেয়া সুবিধা প্রদান, শূন্যপদে নিয়োগ এবং বদলি নীতি সংশোধন-সহ পাঁচ দফা দাবিতে সরব হল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার আগরতলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবিগুলি তুলে ধরা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই ফেডারেশনের চেয়ারপার্সন বিপ্লব সাহা, অফিসার্স ফেডারেশনের সভাপতি ডেভিড দেববর্মা, সাধারণ সম্পাদক তমাল দেবনাথ, এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি অন্বেষা দাস এবং সাধারণ সম্পাদক সৌভিক নাগ।ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৮ ও ৯ আগস্ট আগরতলার হোটেল সোনারতরী-তে দুই সংগঠনের প্রথম যৌথ সম্মেলন অনুষ্ঠিত হবে। ৮ আগস্টের উন্মুক্ত অধিবেশনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।সম্মেলনকে সামনে রেখে পাঁচ দফা দাবি সনদ প্রকাশ করা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে— নবম যৌথ নোট ও দ্বাদশ দ্বিপাক্ষিক চুক্তির আওতায় সমস্ত বকেয়া আর্থিক ও অ-আর্থিক সুবিধা কার্যকর করা, স্পনসর ব্যাংকের সমপর্যায়ের ভাতা ও কল্যাণমূলক সুবিধা প্রদান, স্পনসর ব্যাংক থেকে ডেপুটেশনে কর্মী পাঠানো বন্ধ রেখে ব্যাংকের স্বতন্ত্র সত্তা বজায় রাখা, সমস্ত শূন্য অফিস সহায়ক পদে দ্রুত নিয়োগ এবং স্বচ্ছ ও মানবিক বদলি নীতি প্রণয়ন।ফেডারেশনের নেতৃবৃন্দের দাবি, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাই তাঁদের ন্যায্য দাবিগুলির প্রতি ব্যাংক কর্তৃপক্ষ ইতিবাচক মনোভাব নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেই তাঁরা আশা প্রকাশ করেছেন।
পাঁচ দফা দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা, ৮-৯ আগস্ট যৌথ সম্মেলন
