সেকেরকোট এলাকায় মারুতি ভ্যান দুর্ঘটনায় গুরুতর আহত এক মসজিদের ইমামের মৃত্যুকে কেন্দ্র করে জিবি হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম নোমান উদ্দিন, তাঁর বাড়ি আসামে বলে জানা গেছে।পরিবারের সদস্যদের অভিযোগ, ছুটির দিনে হাসপাতালে পর্যাপ্ত সিনিয়র চিকিৎসক উপস্থিত না থাকায় তিনি প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাঁদের দাবি, সময়মতো অভিজ্ঞ চিকিৎসকদের নজরদারি ও উন্নত চিকিৎসা পেলে হয়তো এই মৃত্যু এড়ানো সম্ভব ছিল।জানা গেছে, গত শনিবার রাতে সেকেরকোট এলাকায় একটি মারুতি ভ্যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন নোমান উদ্দিন। এরপর তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।রোগীর মৃত্যুর পর হাসপাতাল চত্বরে ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্য ও আত্মীয়রা। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং চিকিৎসা ব্যবস্থার সম্ভাব্য ত্রুটি খতিয়ে দেখার দাবি জানান।তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রশাসনিক তদন্তের দাবি উঠেছে।ঘটনাটি স্বাস্থ্য পরিষেবার মান এবং ছুটির দিনে চিকিৎসক উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
জিবি হাসপাতালে আহত ইমামের মৃত্যু, সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগে ক্ষোভ পরিবারের
