Headlines

ডেপাছড়ায় বেহাল রাস্তা ও বুদ্ধবিহারের সমস্যা খতিয়ে দেখতে মাঠে এমডিসি রতিশ ত্রিপুরা

পেচারতল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডেপাছড়া এলাকার দীর্ঘদিনের বেহাল গ্রামীণ রাস্তা এবং শান্তি মৈত্রী বুদ্ধবিহারের বিভিন্ন সমস্যা সরেজমিনে খতিয়ে দেখতে মাঠপর্যায়ে পরিদর্শনে গেলেন ৪ নং করমছড়া এডিসি কেন্দ্রের নবনির্বাচিত এমডিসি রতিশ ত্রিপুরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘনবসতিপূর্ণ ডেপাছড়া এলাকার একমাত্র গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে, ফলে স্কুলপড়ুয়া, রোগী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে। পাশাপাশি এলাকার শান্তি মৈত্রী বুদ্ধবিহার মন্দিরেরও জরুরি সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন স্থানীয়রা।এডিসি নির্বাচনে জয়লাভের পর এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলিকে অগ্রাধিকার দিয়েই এই পরিদর্শনে যান এমডিসি রতিশ ত্রিপুরা। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, রাস্তা ও বুদ্ধবিহারের সমস্যাগুলি অত্যন্ত উদ্বেগজনক এবং দ্রুত সমাধানের জন্য তিনি ঊনকোটি জেলার এডিসি প্রশাসন ও পিডব্লিউডি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি দলের উচ্চ মহলেও বিষয়টি গুরুত্ব সহকারে উত্থাপন করা হবে বলে আশ্বাস দেন তিনি।এদিনের সফরে উপস্থিত ছিলেন ওয়াইটিএফ-এর পেচারতল ব্লকের সভাপতি প্রাণেশ দেওয়ান, টিপরা মথা দলের পেচারতল ব্লকের সভানেত্রী সুপর্ণা চাকমা, ওয়াইটিএফ ব্লকের সাধারণ সম্পাদক প্রয়াস চাকমা এবং স্থানীয় নেতৃত্ব সুমন দেবনাথ সহ অন্যান্যরা।এমডিসির এই উদ্যোগে আশার আলো দেখছেন ডেপাছড়াবাসী। তাঁদের আশা, দীর্ঘদিনের রাস্তা ও বুদ্ধবিহারের সংস্কারের দাবি এবার দ্রুত বাস্তবায়িত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *