Headlines

“তিন মাস ধরে সামাজিক ভাতা বন্ধের অভিযোগ, কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও মহকুমাশাসককে ডেপুটেশন”

কৈলাসহর, ১৬ জুন: অবিলম্বে সামাজিক ভাতা প্রদান এবং ভাতা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে কৈলাসহরের মহকুমাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে কৈলাসহর জেলা কংগ্রেস। মঙ্গলবার দুপুরে টাউন হল প্রাঙ্গণ থেকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মহকুমাশাসকের কার্যালয়ে পৌঁছে অফিস প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে।বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধায়ক বিরজিত সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, রুনু মিয়া, অভিজিৎ দেবনাথ, রতন দত্ত-সহ অন্যান্য নেতৃত্ব। বিক্ষোভ শেষে কংগ্রেসের একটি প্রতিনিধি দল মহকুমাশাসক শান্তিময় দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে।মিছিল শুরুর আগে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিরজিত সিনহা অভিযোগ করেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে চালু হওয়া সামাজিক ভাতা প্রকল্পের আওতায় থাকা বহু মানুষ গত তিন মাস ধরে ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর দাবি, বর্তমান বিজেপি সরকারের আমলে বয়স্ক, বিধবা, স্বামী-পরিত্যক্ত মহিলা, প্রতিবন্ধী ও দৃষ্টিহীন মানুষের মতো প্রকৃত ভাতা প্রাপকেরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।তিনি আরও অভিযোগ করেন যে, প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে অন্যদের ভাতা প্রদান করা হচ্ছে। প্রকাশ্য সভা থেকে সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের সমালোচনা করে তিনি বলেন, ভাতার আবেদনপত্র ও অনুমোদন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে এবং তা তদন্ত হওয়া প্রয়োজন।বিরজিত সিনহা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বকেয়া সামাজিক ভাতা প্রদান না করা হলে আগামী দিনে হাজার হাজার কর্মী-সমর্থককে নিয়ে আগরতলায় বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে ঘেরাও করেও বিক্ষোভ প্রদর্শন করা হবে।অন্যদিকে, এদিনের বিক্ষোভ ও ডেপুটেশনে অংশ নেন বহু ভাতা-বঞ্চিত বলে দাবি করা প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা ও স্বামী-পরিত্যক্ত মহিলারাও।তবে সামাজিক ভাতা বণ্টন সংক্রান্ত এই অভিযোগগুলির বিষয়ে রাজ্য সরকার বা সমাজকল্যাণ দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *