ধর্মনগর: সোমবার গভীর রাতে ধর্মনগর থানাধীন আলগাপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে ডাকাতির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আহত হয়েছেন গৃহবধূ পায়েল রায়।স্থানীয় সূত্রে জানা যায়, পায়েলের স্বামী বিক্রমজিৎ রায় পেশায় টমটম চালক। সোমবার রাতে কাজের কারণে তিনি ধর্মনগরে ছিলেন। রাত প্রায় ১১টার দিকে বাড়ির দরজায় ইশারা শুনে পায়েল তাঁর স্বামী বাড়িতে ফিরেছেন মনে করে দরজা খুলতেই অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তাঁকে আঘাত করে বলে অভিযোগ। মাথায় আঘাতের পর তিনি মাটিতে পড়ে যান।এদিকে রাত পৌনে ১২টার দিকে বিক্রমজিৎ বাড়িতে ফিরে দেখেন, বাড়ির বাইরের ও ভেতরের আলো নিভানো। ঘরে ঢুকে তিনি স্ত্রীকে মুখ ওড়না দিয়ে বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন।পরে পায়েলকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর মঙ্গলবার তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়।পায়েলের অভিযোগ, অন্ধকারের কারণে তিনি হামলাকারীদের কাউকে চিনতে পারেননি। দুষ্কৃতীরা প্রথমে তাঁর মাথায় আঘাত করে, পরে মুখ ও গলা ওড়না দিয়ে বাঁধার চেষ্টা করে এবং অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে বাড়ি থেকে সোনার অলংকার ও নগদ টাকা নিয়ে যায়।খবর পেয়ে রাতেই ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
ধর্মনগরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত গৃহবধূ
