শিল্পের বিকাশের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার বার্তা দিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল ত্রিপুরা ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশন। বোধজংনগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উদ্যোগ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।নবনির্বাচিত কমিটির সদস্যদের উপস্থিতিতে রাজ্যের শিল্পক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং শিল্পোদ্যোগীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে শিল্প সংস্থায় কর্মরত শ্রমিক ও কর্মীদের সন্তানদের মধ্যে কৃতী ও মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা জানানো হয়। ভালো ফলাফলের জন্য তাদের হাতে সম্মাননা তুলে দিয়ে ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করা হয়।এর পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পান গোপাল সাহা, লংতরাই গুড়া মাস্টারের কর্ণধার রতন বিশ্বাস, ত্রিপুরা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায়, ত্রিপুরা ইস্পাত শিল্পের কর্ণধার বিশাল সোলাঙ্কি সহ সংগঠনের কর্মকর্তা, শিল্পপতি ও বিশিষ্ট ব্যক্তিরা।বক্তারা বলেন, রাজ্যের শিল্পের বিকাশের পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মী ও তাদের পরিবারের কল্যাণেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
নতুন কমিটি, কৃতীদের সংবর্ধনা ও স্বাস্থ্য শিবির—ত্রিপুরা ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগ
