বিশ্রামগঞ্জ, ১৮ জুন:বিশ্রামগঞ্জ ইটভাট্টা মহাশ্মশানের বেহাল অবস্থা ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মহাশ্মশানটি কার্যত অচল অবস্থায় পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, শ্মশানের স্থায়ী চুল্লিগুলি ভেঙে পড়েছে। ফলে মৃতদেহ দাহ করার জন্য বাধ্য হয়ে মাটিতে অস্থায়ী চুল্লি তৈরি করতে হচ্ছে। পাশাপাশি নদীর ভাঙনের কারণে শ্মশানের একটি বড় অংশ ক্রমশ নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।এছাড়াও শ্মশানে যাওয়ার প্রধান রাস্তা বৃষ্টির সময় হাঁটু সমান কাদায় পরিণত হয়, যার ফলে মৃতদেহ নিয়ে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। রাতের বেলায় শ্মশান এলাকায় আলোর কোনও ব্যবস্থা না থাকায় আরও সমস্যার সৃষ্টি হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত শ্মশান সংস্কার, নতুন চুল্লি নির্মাণ, নদীভাঙন রোধে প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাস্তা ও আলোকসজ্জার উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।স্থানীয়দের বক্তব্য, মানুষের জীবনের শেষ যাত্রার সঙ্গে জড়িত এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোর এমন করুণ অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
নদীগর্ভে বিলীন হওয়ার পথে মহাশ্মশান! ভাঙা চুল্লি, কাদামাখা পথে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
