Headlines

টেট থেকে অব্যাহতির দাবিতে শিক্ষকদের আবেদন! প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইল রাষ্ট্রীয় শিক্ষক সংঘ

আগরতলা, ১৮ জুন:সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত শিক্ষকদের শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট)-এর আওতায় আনার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক সংঘ। সংগঠনের পক্ষ থেকে ২০১০ সালের আগে নিযুক্ত শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে ভারতের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলার জেলাশাসকদের মাধ্যমে এই আবেদনপত্র জমা দেওয়া হয়। সংগঠনের দাবি, ২০১০ সালের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা তৎকালীন নিয়ম ও যোগ্যতার ভিত্তিতেই চাকরিতে যোগদান করেছিলেন। দীর্ঘদিন ধরে তারা নিষ্ঠার সঙ্গে শিক্ষাদান করে আসছেন। তাই নতুন করে টেট পরীক্ষার বাধ্যবাধকতা তাদের জন্য অযৌক্তিক ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে।অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক সংঘের নেতৃবৃন্দ জানান, জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ (NCTE) কর্তৃক টেট ব্যবস্থা চালু হওয়ার আগেই বহু শিক্ষক নিয়োগ পেয়েছিলেন। ফলে তাঁদের ক্ষেত্রে বর্তমান নিয়ম প্রয়োগ না করে বিশেষ ছাড় দেওয়া উচিত।সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে বিষয়টি মানবিক ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ২০১০ সালের পূর্বে নিযুক্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।শিক্ষক মহলে এই দাবিকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন কেন্দ্র সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে শিক্ষক সমাজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *