খুমুলুঙ, ১৮ জুন:ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (TSU) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি (TTAADC)-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (EM Education) সি. কে. জমাতিয়ার নিকট শিক্ষা ও ছাত্রকল্যাণ সংক্রান্ত ৬ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।স্মারকলিপিতে টিটিএএডিসি এলাকার শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— একক-শিক্ষক বিদ্যালয় সমস্যার সমাধানে দ্রুত শিক্ষক নিয়োগ, টিটিএএডিসি এলাকায় D.El.Ed ও B.Ed কলেজ স্থাপন, খুমুলুঙ ডিগ্রি কলেজে ককবরক, বাংলা ও ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নতুন বাস পরিষেবা চালু, ছাত্রাবাস নির্মাণ এবং জামপুইজলা ও মান্দাই এলাকায় নতুন কলেজ প্রতিষ্ঠা।স্মারকলিপি প্রদান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে TSU কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা জানান, টিটিএএডিসি প্রশাসনের অধীনে মোট ১,৬৩৩টি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে অধিকাংশ বিদ্যালয় একক-শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে, যা শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী প্রায় ১০০টি বিদ্যালয়ের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।তিনি বলেন, বর্তমানে বহু শিক্ষিত যুবক-যুবতী B.Ed এবং D.El.Ed ডিগ্রি অর্জন করেও চাকরির অপেক্ষায় রয়েছেন। দ্রুত শিক্ষক নিয়োগ করা হলে একদিকে যেমন বিদ্যালয়গুলোর শিক্ষক সংকট দূর হবে, অন্যদিকে বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।সুজিত ত্রিপুরা আরও বলেন, টিটিএএডিসি এলাকায় শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীদের রাজ্যের বাইরে গিয়ে উচ্চ ব্যয়ে প্রশিক্ষণ নিতে হচ্ছে। ফলে D.El.Ed ও B.Ed কলেজ স্থাপন এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে।TSU নেতৃত্ব শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানায়। এ সময় উপস্থিত ছিলেন TSU কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুজিত ত্রিপুরা, সচিবালয় সদস্য কমরেড অঙ্কিত মুরাসিং, কমরেড বখরুই দেববর্মা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বিশাল দেববর্মা।TSU-র এই উদ্যোগে টিটিএএডিসি এলাকার শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যাগুলো নতুন করে আলোচনায় উঠে এসেছে। এখন প্রশাসন দাবিগুলোর বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর শিক্ষার্থী ও অভিভাবক মহলের।
শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে TSU-র ৬ দফা স্মারকলিপি, শিক্ষক নিয়োগে জোর দাবি
