আগরতলা, ১৯ জুন:নেশামুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে ‘নেশা মুক্ত শপথ সপ্তাহ’ পালন উপলক্ষে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। আগরতলায় অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে নেশার কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি যুবসমাজকে মাদকাসক্তির কবল থেকে দূরে রাখতে প্রশাসনের বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।জেলা শাসক জানান, নেশামুক্ত শপথ সপ্তাহের আওতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচি, শপথ গ্রহণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে।তিনি বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও বড় হুমকি। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।সাংবাদিক সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা নেশামুক্ত সমাজ গঠনে প্রশাসনের উদ্যোগকে সফল করতে সাধারণ মানুষের সহযোগিতার আহ্বান জানান।
‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার অঙ্গীকার! শপথ সপ্তাহ উপলক্ষে জেলা শাসকের সাংবাদিক সম্মেলন
