Headlines

সঞ্জয়পল্লীতে পুলিশের বড় সাফল্য! অভিযানে উদ্ধার ১১ কেজি গাঁজা, চাঞ্চল্য এলাকাজুড়ে

সাব্রুম, ১৯ জুন:মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল মনুবাজার থানার পুলিশ। শুক্রবার সাব্রুম মহকুমার অন্তর্গত সঞ্জয়পল্লী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর প্রায় ২টা নাগাদ সঞ্জয়পল্লী এলাকার বাসিন্দা যোগেশ চন্দ্র সাহার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক মজুদের অভিযোগের ভিত্তিতে পুলিশের নজরদারি চলছিল বলে জানা যায়।অভিযানে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমার পুলিশ আধিকারিক দীপ্তনু বিশ্বাস, ডি.সি.এম. ভবেষ দেওয়ান, মনুবাজার থানার অফিসার-ইনচার্জ সঞ্জীব দেববর্মা সহ বিশাল পুলিশ বাহিনী।তল্লাশি চলাকালীন বাড়ির বিভিন্ন স্থান থেকে মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বহু কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় জমান।তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা মাদক পাচার চক্রের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। যদিও অভিযানের পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করা হয়নি।মাদকবিরোধী অভিযানে এই সাফল্যকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *