Headlines

পুকুরে কাঁদা ছোড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ! মেলাঘরে একই পরিবারের তিন সদস্য হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ১৫ জুন :সামান্য পুকুরে স্নান করা এবং কাঁদা ছোড়াছুড়িকে কেন্দ্র করে মেলাঘরের ইন্দ্রনগর এলাকায় ঘটে গেল এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। এক মহিলার প্রতিবাদের জেরে তাঁকে, তাঁর স্বামী এবং শ্বশুরকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে এলাকারই কয়েকজন যুবকের বিরুদ্ধে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় একই পরিবারের তিন সদস্য মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ইন্দ্রনগর ৯ নম্বর ওয়ার্ড এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দ্রনগর ৯ নম্বর ওয়ার্ডের একটি পুকুরে কয়েকজন নাবালক ছেলে স্নান করতে নেমে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করছিল। সেই সময় একই পুকুরে স্নান করতে যান এলাকার বাসিন্দা হাসিনা আক্তার। অভিযোগ, ছেলেদের ছোড়া কাঁদা আচমকাই গিয়ে লাগে তাঁর কানে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ওই আচরণের প্রতিবাদ জানান।অভিযোগ, এই ঘটনার কিছুক্ষণ পর একই এলাকার আশাবুল, ইউসুফ মিয়া, আরিফ হোসেন এবং বিলাল মিয়া নামে চার যুবক হাসিনা আক্তারের ওপর চড়াও হয়ে তাঁকে মারধর শুরু করে। স্ত্রীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁর স্বামী আক্তার হোসেন এবং শ্বশুর মফিজ মিয়া। তাঁরা হাসিনাকে রক্ষা করতে গেলে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপরও হামলা চালায় বলে অভিযোগ।এই হামলায় হাসিনা আক্তার, আক্তার হোসেন এবং মফিজ মিয়া গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মেলাঘর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনজনই চিকিৎসাধীন রয়েছেন।সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিন সদস্যের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না এবং পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *