নিজস্ব প্রতিনিধি, বাগমারা, ১৫ জুন :বাগমারা ভিসির অন্তর্গত কে এম এ পাড়া থেকে ধুমঝাকরাই রিয়াং পাড়া পর্যন্ত চলমান রাস্তা ও সাইড ওয়াল নির্মাণকাজকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে ব্যাপক অনিয়ম করা হচ্ছে এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় রাস্তার স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, কে এম এ পাড়া থেকে ধুমঝাকরাই রিয়াং পাড়া পর্যন্ত এই সড়কটি এলাকার বহু মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান ভরসা। দুমঝাগরাই, মম মগপাড়া, থৈইচিং মগপাড়া, এনজি পাড়া, কুমার ধন পাড়া, ধনবান পাড়া এবং থানাবুল এলাকার বাসিন্দারা প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন। শুধু তাই নয়, হাসপাতালে যাতায়াতকারী রোগী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষও এই সড়কের ওপর নির্ভরশীল।অভিযোগ উঠেছে, নির্মাণকাজে নির্ধারিত মান বজায় রাখা হচ্ছে না। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের গুণগত মানে অবহেলা এবং একাধিক কারিগরি ত্রুটি নিয়ে স্থানীয়রা বারবার ঠিকাদার সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু অভিযোগ সত্ত্বেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের।এলাকাবাসীর বক্তব্য, জনগণের করের টাকায় নির্মিত এই গুরুত্বপূর্ণ সড়কের কাজে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন না হলে বৃহত্তর গণআন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রয়োজনে নির্মাণকাজ বন্ধের দাবিতেও সরব হওয়ার ইঙ্গিত দিয়েছেন গ্রামবাসীরা।এখন নজর সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের দিকে। স্থানীয়দের উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করে কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার বিষয়। তবে এই ঘটনায় বাগমারা এলাকায় জনমনে ক্ষোভ ও অসন্তোষ ক্রমশ বাড়ছে।
বাগমারায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ! নিম্নমানের কাজের প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের
