নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন :সিমনা বিধানসভা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত রাকেশ খোরাং বর্তমানে আগরতলার গোবিন্দ বল্লভ পন্ত (জিবি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক জানান, গত কয়েকদিনে সিমনা বিধানসভা এলাকায় ভাল্লুকের আক্রমণের একাধিক ঘটনা ঘটেছে। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে।তিনি জানান, ভাল্লুকের হামলায় রাকেশ খোরাংয়ের পায়ে গুরুতর আঘাত লাগে। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তিনি উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছিলেন না। বিষয়টি তাঁর নজরে আসার পর তিনি নিজেই আহত ব্যক্তির বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেন।প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও বলেন, এই ঘটনায় তিনি বনদপ্তরের মন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। বনমন্ত্রী আহত ব্যক্তির বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় আবেদন করার পরামর্শ দিয়েছেন বলে তিনি জানান।পাশাপাশি, সিমনা ও সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর ক্রমবর্ধমান উপদ্রব রোধে বনদপ্তরকে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রতিমা ভৌমিক। তাঁর মতে, মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সিমনা অঞ্চলে ভাল্লুকের আক্রমণের একাধিক ঘটনায় উদ্বেগ বাড়ছে। বনাঞ্চল সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ফলে বন্যপ্রাণীর আক্রমণ প্রতিরোধে প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবিও জোরালো হয়ে উঠেছে।
ভাল্লুকের হামলায় জখম রাকেশ খোরাং, জিবি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করলেন প্রতিমা ভৌমিক
