আগরতলা, ২১ আগস্ট: আত্মসমর্পণকারী NLFT ও ATTF সদস্যদের পুনর্বাসন সংক্রান্ত দাবি-দাওয়া রাজ্য সরকার পূরণ করছে না—এই অভিযোগে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী সদস্যদের নেতৃত্ব।শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। পাশাপাশি, ৪ সেপ্টেম্বর চুরাইবাড়ি, আসাম-আগরতলা সড়ক এবং ভারত-বাংলাদেশ সীমান্তের আখাউড়া রোডসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করা হবে বলেও জানানো হয়।সাংবাদিক সম্মেলনে আত্মসমর্পণকারী NLFT-এর পরিমল দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মাসহ NLFT ও ATTF-এর অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।নেতৃত্বের দাবি, আত্মসমর্পণকারী সদস্যদের পুনর্বাসন ও আর্থিক প্যাকেজ বাস্তবায়নের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রত্যাশিত পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দাবি পূরণ না হলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।উল্লেখ্য, একই দাবিতে এর আগেও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ২০২৬ সালের জুন মাসেও ৭২ ঘণ্টার রাজ্যব্যাপী বন্ধ এবং সড়ক ও রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল।
পুনর্বাসনের দাবিতে ৪ সেপ্টেম্বর ৭২ ঘণ্টার বন্ধের ডাক NLFT-ATTF নেতৃত্বের
