Headlines

পূজার চাঁদা চেয়ে পণ্যবাহী গাড়ি আটক, চালককে মারধর-ভাঙচুরের অভিযোগ ধর্মনগরে!

পূজার চাঁদা আদায় নিয়ে প্রশাসনের কড়া নির্দেশের মধ্যেই ধর্মনগরে উঠল গুরুতর অভিযোগ। অসমের নগাঁও থেকে আগরতলার গুল বাজারের উদ্দেশ্যে কাঁচা মরিচ নিয়ে আসা একটি বোলেরো পিকআপ গাড়ি আটকে ৫ হাজার টাকা চাঁদা দাবি এবং চালককে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে চন্দ্রপুর এলাকার একটি স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে।অভিযোগ অনুযায়ী, রাত দেড়টা নাগাদ AS02EC 4818 নম্বরের গাড়িটি চন্দ্রপুর এলাকায় আটকানো হয়। চালক ফারুক হোসেনের দাবি, তাঁর কাছে ৫ হাজার টাকা পূজার চাঁদা চাওয়া হয়। টাকা দিতে অস্বীকার করায় তাঁকে অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। এরপর বচসার পরিস্থিতি তৈরি হলে তাঁকে মারধর এবং গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।দীর্ঘ সময় গাড়ি আটকে থাকায় গাড়িতে থাকা কাঁচা মরিচ নষ্ট হতে শুরু করেছে বলেও দাবি চালকের। ঘটনার পর ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত ও আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি।প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় যানবাহন আটকে পূজার চাঁদা আদায় না করার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পরেও এমন অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে। এখন নজর ধর্মনগর পুলিশের তদন্ত এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *