Headlines

মাতাবাড়িতে এবার আরও পরিবর্তন! দীপাবলি মেলার আগে বড় সিদ্ধান্ত ট্রাস্টের বৈঠকে

উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে ঘিরে সামনে আরও পরিবর্তন আসতে চলেছে। আসন্ন দীপাবলি মেলাকে সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার উদয়পুর সার্কিট হাউজে অনুষ্ঠিত হল মাতাবাড়ি ট্রাস্ট কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকের পর মন্দির ও মাতাবাড়ি কেন্দ্রিক একাধিক পরিবর্তন ও সিদ্ধান্তের কথা জানান ট্রাস্টের চেয়ারম্যান তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথেরসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।আসন্ন দীপাবলি মেলায় দেশ-বিদেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়। সেই কথা মাথায় রেখে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, পরিচ্ছন্নতা এবং দর্শনার্থীদের সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।মাতাবাড়ির দীপাবলি মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, উদয়পুর তথা গোমতী জেলার অন্যতম বড় ঐতিহ্যবাহী আয়োজন। তাই মেলার আগেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে ভক্ত ও দর্শনার্থীদের জন্য আরও নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *