আগরতলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব।বিপ্লব কুমার দেব শিবিরের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখার পাশাপাশি রক্তদাতাদের সঙ্গে কথা বলেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মেগা রক্তদান শিবিরে নিজেও রক্তদান করেন তিনি।রক্তদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের জন্য তাঁর কর্মপ্রয়াসের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার পর দীর্ঘ সময় ধরে নরেন্দ্র মোদি দেশের মানুষের সেবায় কাজ করে চলেছেন।তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে এগিয়ে চলেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমানসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম এখন দেশেই তৈরি হচ্ছে।পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়ার প্রসঙ্গও তুলে ধরেন সাংসদ। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের ফলে দেশের সাধারণ মানুষ বর্তমানে নানা ধরনের ডিজিটাল পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছেন।প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত এই মেগা রক্তদান শিবিরের মাধ্যমে সেবামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার বার্তা দেওয়া হয়। রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।
প্রজ্ঞা ভবনে মেগা রক্তদান শিবির, নিজেই রক্ত দিলেন বিপ্লব কুমার দেব
