নিজস্ব প্রতিনিধি | শান্তিরবাজার | ২৭ জুলাইবাংলা বিভাগের শিক্ষক সুবল দাসের বদলির আদেশ ঘিরে উত্তাল হয়ে উঠল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষকের বদলির খবর ছড়িয়ে পড়তেই সোমবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করে বিক্ষোভে সামিল হয়।জানা যায়, বাংলা বিভাগের শিক্ষক সুবল দাসের বদলির নির্দেশ জারি হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে তারা বিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে অবস্থান-বিক্ষোভ শুরু করে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের একটাই দাবি—শিক্ষক সুবল দাসের বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। এদিন অধিকাংশ ছাত্রছাত্রী ক্লাস বর্জন করে আন্দোলনে অংশ নেয়।বিক্ষোভের খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সংবাদ লেখা পর্যন্ত বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীদের বিক্ষোভ অব্যাহত ছিল।
প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে ক্লাস বয়কট, বিদ্যালয়ের গেটে বিক্ষোভে ছাত্রছাত্রীরা
