বক্সনগর: পুলিশের তল্লাশির সময় গাড়ি থেকে পিস্তল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বক্সনগরে। শনিবার রাতে সমর স্মৃতি মিলনায়তনের কাছে এই ঘটনা ঘটে। ঘটনায় হৃদয় মিয়া (২১) নামে এক যুবককে আটক করেছে কলমচৌড়া থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, বক্সনগর পঞ্চায়েত এলাকার বাসিন্দা হৃদয় মিয়া, পিতা রবিউল বাসার, নিজের মাহিন্দ্রা XUV300 গাড়ি নিয়ে এলাকায় ছিলেন। বাবার সঙ্গে তাঁর বাকবিতণ্ডার ঘটনার পর পুলিশ তাঁকে আটক করে বলে জানা গেছে। পরে গাড়িতে অবৈধ কিছু থাকার সন্দেহে অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। সেই সময় গাড়ি থেকে একটি পিস্তল উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর।তবে উদ্ধার হওয়া পিস্তলটির উৎস কী, কেন সেটি গাড়িতে রাখা হয়েছিল এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের পরই অস্ত্র উদ্ধারের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।ঘটনাকে কেন্দ্র করে বক্সনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বক্সনগরে পুলিশের তল্লাশিতে গাড়ি থেকে পিস্তল উদ্ধার, আটক যুবক
