Headlines

বটতলীতে রাস্তার কাজে ‘ব্রেক’! গ্রামবাসীদের বিক্ষোভে থমকাল কার্পেটিং, পুলিশের আশ্বাসে মিটল উত্তেজনা

মেলাঘর–সোনামুড়া মূল সড়কের বটতলী এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে রবিবার রাতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামবাসীদের বাধার মুখে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কার্পেটিংয়ের কাজ। পরে পুলিশের হস্তক্ষেপ ও সমস্যার সমাধানের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কাজ শুরু হয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মূল সড়কের সঙ্গে গ্রামের রাস্তার সংযোগ স্থাপন এবং দুর্ঘটনা এড়াতে রাস্তার পাশে সুরক্ষা রেলিং বসানোর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন তারা। গত তিন মাস ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করা হলেও সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।এলাকাবাসীদের বক্তব্য, গ্রামের রাস্তার সঙ্গে মূল সড়কের সংযোগ না থাকলে বাইকসহ অন্যান্য যানবাহন নিয়ে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হবে গ্রামবাসীদের। এছাড়া রাস্তার পাশে রেলিং না থাকলে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন পাশের বাড়িঘরে ঢুকে পড়ার আশঙ্কাও থেকে যাচ্ছে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।অন্যদিকে, নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গ্রামের রাস্তার সংযোগ স্থাপনের বিষয়টি বর্তমান প্রকল্পের আওতাভুক্ত নয়। ফলে তাদের পক্ষে ওই কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়।রবিবার রাতে কর্তৃপক্ষ কার্পেটিংয়ের কাজ শুরু করতে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী বাধা দেন এবং স্পষ্ট জানিয়ে দেন, গ্রামের রাস্তার সংযোগ ও রেলিং বসানোর দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়কের কাজ চলতে দেওয়া হবে না।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার ওসি তাপস দাস। তিনি প্রজেক্ট ম্যানেজারের সঙ্গে আলোচনা করে এলাকাবাসীদের আশ্বস্ত করেন যে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাদের সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পুলিশের এই আশ্বাসের পর এলাকাবাসীরা তাদের অবস্থান থেকে সরে আসেন এবং পুনরায় রাস্তা নির্মাণের কাজ শুরু করার অনুমতি দেন।তবে এলাকাবাসীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *