Headlines

ইনসিস্কাইয়ের নাম ভাঙিয়ে চাকরির টোপ! ভুয়া নিয়োগে বেকারদের লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ

আগরতলা, ১৫ জুন: ত্রিপুরার অন্যতম পরিচিত আইটি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেড-এর নাম ও ফোন নম্বর ব্যবহার করে চাকরি দেওয়ার নামে বেকার যুবক-যুবতীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। প্রিন্ট মিডিয়া এবং ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি আদায়ের মাধ্যমে এই জালিয়াতি চালানো হচ্ছে বলে অভিযোগ।সংস্থার দাবি, প্রীতম দাস নামে এক ব্যক্তি চাকরির প্রলোভন দেখিয়ে বহু চাকরিপ্রার্থীর কাছ থেকে অর্থ সংগ্রহ করছে। প্রযুক্তিগত অনুসন্ধানে অভিযুক্তের ব্যবহৃত ফোন নম্বর ৮৯৭৪৬৭৪০২৯ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ৪৩৭০৭৯০৩৭৭২ শনাক্ত করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।এই প্রতারণার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা এবং প্রতিষ্ঠানের সুনাম রক্ষার উদ্দেশ্যে সোমবার বেলা ১১টায় আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে জরুরি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ইনসিস্কাই সফটেক। সেখানে উপস্থিত ছিলেন সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তনুশ্রী রায় এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপার নন্দয় দাস, অন্তর আহমেদ ও সৌরাদিপ দেবনাথ।সংস্থার কর্মকর্তারা বলেন, “কিছু অসাধু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” পাশাপাশি তারা স্পষ্ট করে দেন, এই ঘটনা সংস্থার প্রযুক্তিগত পরিষেবা বা চলমান কার্যক্রমে কোনও প্রভাব ফেলবে না।উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠিত ইনসিস্কাই সফটেক গত ১৬ বছর ধরে ভারতসহ আন্তর্জাতিক স্তরে ৫০০-রও বেশি ক্লায়েন্টকে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং এবং স্কিল ডেভেলপমেন্টের মতো আধুনিক প্রযুক্তি পরিষেবা প্রদান করে আসছে। ২০২৩ সালে গুগল অ্যাপস্কেল একাডেমি কর্তৃক ‘ভারতের সেরা অ্যাপ পারফরমেন্স পুরস্কার’ অর্জনকারী সংস্থাটি ২০২৪ সালে উত্তর-পূর্ব ভারতের শীর্ষ ১৪টি স্টার্টআপের তালিকায় স্থান পায়। এছাড়াও, ত্রিপুরা স্টার্টআপ পলিসি ২০২৫-এর আওতায় ৭৫ লক্ষ টাকার আর্থিক সহায়তাও লাভ করেছে।’টক ইং’, ‘ওরা রাইড’ এবং ‘ত্রিপুরা নিউজ অফিসিয়াল’-এর মতো একাধিক সফল ডিজিটাল প্ল্যাটফর্মের নির্মাতা ইনসিস্কাই সফটেক ভবিষ্যতেও ত্রিপুরার যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।সতর্কবার্তা: চাকরির নামে কোনও সংস্থা যদি রেজিস্ট্রেশন ফি বা ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার নির্দেশ দেয়, তাহলে যাচাই-বাছাই ছাড়া অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে ইনসিস্কাই সফটেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *