Headlines

মনীষা দাসের রহস্যমৃত্যুতে শোকের ছায়া, স্বচ্ছ তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস শান্তিনিকেতন মেডিকেল কলেজের

আগরতলা, জুন ১৪ঃ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টেলের কেয়ারটেকার মনীষা দাসের অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা প্রতিষ্ঠানজুড়ে। তাঁর আকস্মিক প্রয়াণে সহকর্মী, ছাত্রছাত্রী এবং পরিচিত মহলে তৈরি হয়েছে গভীর বিষাদের আবহ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষও তদন্তে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।গত বুধবার রাতে কলেজ ক্যাম্পাসের গার্লস হোস্টেলে নিজের কক্ষে মনীষা দাসকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নথি ও সামগ্রী সংগ্রহ করা হয়েছে।এদিকে, ঘটনার আগে এক সহকর্মীর সঙ্গে মনীষা দাসের কথোপকথন এবং মেসেজ আদান-প্রদানের কিছু স্ক্রিনশট সামনে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওই বার্তাগুলিতে তাঁর মানসিক অবসাদ ও হতাশার ইঙ্গিত মিলেছে বলে দাবি করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেগুলিকে সম্ভাব্য প্রেক্ষাপট হিসেবেই দেখা হচ্ছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রঞ্জিত কুমার দাস বলেন, “মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আমরা সকলেই মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমরা আমাদের সকল কর্মীদের পাশে থাকি এবং এই ঘটনার তদন্তে তদন্তকারী দলকে পূর্ণ সহযোগিতা করব।”তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”মনীষা দাসের অকাল প্রয়াণে শোকস্তব্ধ কলেজ পরিবার। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিও জোরালো হচ্ছে বিভিন্ন মহলে। তদন্তের অগ্রগতির দিকেই এখন তাকিয়ে সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *