নিজস্ব প্রতিনিধি | চড়িলাম | ২৭ জুলাইব্যস্ততম সময়ে চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে ঘটে গেল এক গুরুতর সড়ক দুর্ঘটনা। সোমবার একটি মালবাহী বলেরো গাড়ির সঙ্গে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক আরোহী।প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। পরে বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়।খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত বলেরো ও মোটরবাইক সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।স্থানীয়দের অভিযোগ, বনকুমারী সংলগ্ন এই অংশে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বারবার দুর্ঘটনা ঘটলেও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না বলে তাঁদের দাবি। ফলে এলাকাবাসীর প্রশ্ন, দুর্ঘটনা রোধে প্রশাসন এবার কী পদক্ষেপ গ্রহণ করবে? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বনকুমারী জাতীয় সড়কে ভয়াবহ সংঘর্ষ, গুরুতর আহত বাইক আরোহী
