Headlines

বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রীর সৌজন্য উপহার, আখাউড়া সীমান্ত দিয়ে গেল ৬০০ কিউ জাতের আনারস

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার উদ্যোগে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে সৌজন্য উপহার হিসেবে রাজ্যের বিখ্যাত কিউ (Kew) জাতের আনারস পাঠানো হয়েছে। বুধবার আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্ট (ICP) হয়ে এই উপহার বাংলাদেশে পাঠানো হয়।এদিন সীমান্তে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা ড. ফণিভূষণ জমাতিয়া, কনসালটেন্ট ড. রাজীব ঘোষ, শান্তনু দেববর্মা, ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার আধিকারিক দেবাশীষ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজজ্যোতি দাস, সজীব চক্রবর্তীসহ সংশ্লিষ্ট আধিকারিকরা।সমস্ত আনুষ্ঠানিক কাগজপত্র সম্পন্ন হওয়ার পর সীমান্তের জিরো পয়েন্টে ত্রিপুরা সরকারের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে আনারসের প্যাকেট বাংলাদেশের প্রতিনিধিদের হাতে তুলে দেন। পরে সেগুলি বাংলাদেশের গাড়িতে স্থানান্তর করা হয়।কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় জানান, সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল। তারই সৌজন্য প্রতিদান হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আনারস পাঠানো হয়েছে। এই ধরনের সৌহার্দ্যপূর্ণ বিনিময়ের মাধ্যমে ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও মধুর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।অন্যদিকে, দপ্তরের অধিকর্তা ড. ফণিভূষণ জমাতিয়া জানান, এদিন মোট ১০০টি প্যাকেটে ৬০০টি কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। রাজ্যের উৎকৃষ্ট মানের এই আনারস প্রতিবেশী দেশের জন্য সৌজন্য উপহার হিসেবে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *