উদয়পুর মহকুমার বাগমা বাজারটিলা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রবীণ ব্যক্তির। মৃতের নাম সুদীর দাশগুপ্ত (৭০)। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি বুলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার বাজারের কাজ শেষ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সুদীর দাশগুপ্ত। বাগমা বাজারটিলা এলাকায় জাতীয় সড়ক পার হওয়ার সময় আচমকাই একটি বুলেরো গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।স্থানীয়দের সহযোগিতায় বুলেরোতে থাকা ব্যক্তিরাই আহত সুদীর দাশগুপ্তকে দ্রুত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। তবে অভিযোগ, তাঁকে চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার পর বুলেরো গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যান তাঁরা। চিকিৎসকরা পরীক্ষা করে সুদীর দাশগুপ্তকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত করার চেষ্টা শুরু হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় জড়িত বুলেরো গাড়িটির সন্ধান পাওয়া যায়নি।এদিকে, এলাকায় বারবার পথ দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক নজরদারি বৃদ্ধি এবং পথচারীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।সুদীর দাশগুপ্তের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বুধবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।
বাগমা বাজারটিলায় মর্মান্তিক দুর্ঘটনা! বুলেরোর ধাক্কায় প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধের
