শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বামছড়া এলাকায় বানরের উৎপাতের জেরে চরম সমস্যায় পড়েছেন কৃষকরা। ধান উৎপাদন করেও সময়মতো ফসল ঘরে তুলতে পারছেন না তাঁরা। সমস্যার সমাধানে বগাফা বন আধিকারিকের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় কৃষকরা।স্থানীয় কৃষকদের অভিযোগ, ধানগাছে শিষ বের হওয়া থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত বানরের উপদ্রব ক্রমশ বাড়তে থাকে। ফলে মাঠে পরিশ্রম করে ফলন ফলালেও তার সম্পূর্ণ সুফল পাচ্ছেন না তাঁরা। এতে কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কাও বাড়ছে।জোলাইবাড়ি এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে বানরের উৎপাত নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিনে কৃষিকাজ ছেড়ে দিতে বাধ্য হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা।তাঁদের আরও অভিযোগ, সমস্যাটি স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কৃষকদের স্বার্থে কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাঁদের দাবি, বগাফা বন দপ্তর দ্রুত হস্তক্ষেপ করে বানরের উৎপাত নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।কৃষকদের মতে, ফসল উৎপাদন ব্যাহত হলে শুধু তাঁদের জীবিকাই ক্ষতিগ্রস্ত হবে না, স্থানীয় বাজারেও কৃষিজ পণ্যের সরবরাহ কমতে পারে। এর ফলে বহিঃরাজ্য থেকে আসা কৃষিজ পণ্য বেশি দামে কিনতে হতে পারে সাধারণ মানুষকে। তাই কৃষকদের জীবিকা রক্ষা এবং এলাকার খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি উঠেছে।
বানরের উৎপাতে ফসল ঘরে তুলতে নাজেহাল জোলাইবাড়ির কৃষকরা
