বিশালগড়, ৬ আগস্ট: বিশালগড়ে ফের ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার বিশালগড় থানাধীন লস্কর চৌমুহনী এলাকায় তিন যুবকের কাছ থেকে বন্দুকের মুখে নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাঁদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ।আক্রান্তদের নাম ইসমাইল মিয়া, নাজমুল হোসেন ও আরিফ হোসেন। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের পথরোধ করে মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাঁদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন আক্রান্তরা।ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বিশালগড়ে ফের দুঃসাহসিক ছিনতাই! বন্দুক ঠেকিয়ে টাকা-মোবাইল লুট, তিন যুবককে মারধরের অভিযোগ
