দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠল ত্রিপুরা পরিবহন দপ্তর। শুক্রবার আগরতলার ত্রিপুরা পরিবহন নিগমের মুখ্য কার্যালয় প্রাঙ্গণে পরিবহন দপ্তরের উদ্যোগে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো।প্রতিবছরের মতো এবারও পরিবহন দপ্তরের কর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন মহলের উপস্থিতিতে পুজোর আয়োজন করা হয়। তবে এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘রোড সেফটি’ বা সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক থিম।পুজো প্রাঙ্গণে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং নিরাপদে যানবাহন চালানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানা গেছে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি স্বপরিবারে পুজো প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিশ্বকর্মা দেবের আরাধনায় অংশ নেন। পাশাপাশি ‘রোড সেফটি’কে কেন্দ্র করে সাজানো বিভিন্ন সচেতনতামূলক থিম ও প্রদর্শনীও পরিদর্শন করেন তিনি।বিশ্বকর্মা পুজোর এই আয়োজনে একদিকে যেমন দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করা হয়েছে, অন্যদিকে উৎসবের সঙ্গে যুক্ত হয়েছে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা। পুজো প্রাঙ্গণ থেকেই সাধারণ মানুষের কাছে নিরাপদ যান চলাচল ও সড়ক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
বিশ্বকর্মা পুজোয় ‘রোড সেফটি’ বার্তা, পরিবহন দপ্তরে সচেতনতামূলক থিম
