সর্পদংশনে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক পড়ুয়া শিশুকন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন ভবানীপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে। মৃত শিশুকন্যার নাম আমেনা খাতুন। সে ওই এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে।ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের কথামতো বাড়ির গবাদি পশুর ঘর থেকে পশুর বাঁধন খুলতে যায় আমেনা। সেই সময় আচমকাই একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। সামান্য ব্যথা অনুভব করায় সঙ্গে সঙ্গেই মাকে বিষয়টি জানায় সে।পরিবারের সদস্যরা দ্রুত গবাদি পশুর ঘরে ছুটে গেলে সেখানে একটি বিষধর সাপ দেখতে পান। এরপর দেরি না করে আমেনাকে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মেলাঘরের সোনামুড়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমেনাকে মৃত বলে ঘোষণা করেন।চতুর্থ শ্রেণির পড়ুয়া শিশুকন্যার আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তার মা-বাবা ও আত্মীয়-স্বজনরা। আমেনার মৃত্যুর ঘটনায় ভবানীপুর গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
গবাদি পশুর ঘরে সাপের ছোবল, প্রাণ গেল চতুর্থ শ্রেণির পড়ুয়া আমেনার
