আগরতলা শহর সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যেই এবার শ্রীনগর থানাধীন যুগল কিশোর নগর এলাকায় প্রকাশ্যে এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সংলগ্ন পাকা রাস্তায় ঘটনাটি ঘটে।জানা গেছে, যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুব্রত দেববর্মার স্ত্রী সুভদ্রা দেববর্মা বৃহস্পতিবার সকালে রেগার কাজে যাচ্ছিলেন। গ্রাম পঞ্চায়েত পেরিয়ে কিছুটা এগোতেই পিছন দিক থেকে একটি বাইকে করে দুই ব্যক্তি এসে তাঁর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ছিনতাই হওয়া চেনটির আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা বলে দাবি পরিবারের।সুভদ্রার দাবি, বাইকে থাকা দুই ব্যক্তির মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল। আচমকা ঘটনায় তিনি কিছু বুঝে ওঠার আগেই বাইক নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের আটকানোর চেষ্টা করলেও তাদের গতিরোধ করা সম্ভব হয়নি।খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।শুক্রবার দুপুরে সুভদ্রা দেববর্মা ও তাঁর স্বামী সুব্রত দেববর্মা শ্রীনগর থানায় গিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং ছিনতাই হয়ে যাওয়া সোনার চেন উদ্ধারের দাবি জানান।সুভদ্রা সংবাদমাধ্যমের কাছে জানান, তাঁর স্বামী দিনমজুরের কাজ করেন এবং দীর্ঘদিন পরিশ্রম করে ওই সোনার চেনটি তৈরি করেছিলেন। তাঁদের দাবি, এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি। তাই দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার ও চেনটি উদ্ধারের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে শ্রীনগর থানার পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
গ্রামেও ছিনতাইকারীদের দাপট! রাস্তার মাঝেই মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই
