Headlines

১১ দফা দাবিতে আগরতলায় পেনশনভোগীদের ধর্না, দ্রুত সমাধানের দাবি

আগরতলা: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগরতলায় ধর্না কর্মসূচি পালন করল ফোরাম অব সিভিল পেনশনার্স’ অ্যাসোসিয়েশনস, ত্রিপুরা স্টেট। শনিবার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী মূর্তির পাশে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।সংগঠনের পক্ষ থেকে পেনশনভোগীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান, আর্থিক সুযোগ-সুবিধায় সমতা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার দাবিতে মোট ১১ দফা দাবি তুলে ধরা হয়।দাবিগুলোর মধ্যে রয়েছে ভ্যালিডেশন সংক্রান্ত ব্যবস্থা প্রত্যাহার, সব অংশের পেনশনভোগীদের মধ্যে সমতা প্রতিষ্ঠা, নির্দিষ্ট সময় অন্তর পে কমিশন চালু ও অন্তর্বর্তী আর্থিক সুবিধা প্রদান। পাশাপাশি ডিয়ারনেস রিলিফ বা ডিআর ৫০ শতাংশে পৌঁছানোর পর তা মূল বেতন ও মূল পেনশনের সঙ্গে যুক্ত করার দাবিও জানানো হয়েছে।ধর্নায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সচিব গোপাল চন্দ্র সেন বলেন, পেনশনভোগীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যেই এই কর্মসূচি। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রত্যাশিত সমাধান না হওয়ায় আন্দোলনের পথে নামতে হয়েছে বলে জানান তিনি।সংগঠনের সভাপতি মানিক লাল ভট্টাচার্যী বলেন, দীর্ঘ কর্মজীবনে সরকারি দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরের পর ন্যায্য আর্থিক সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি।ধর্না কর্মসূচিতে সংগঠনের সদস্য ও পেনশনভোগীরা উপস্থিত থেকে বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দেন। দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না হলে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *