Headlines

বিশ্বকর্মা পূজার রাতে মর্মান্তিক দুর্ঘটনা! দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

উদয়পুর: বিশ্বকর্মা পূজার আনন্দের মধ্যেই উদয়পুরে নেমে এল শোকের ছায়া। শুক্রবার রাতে হাউজিং বোর্ড সংলগ্ন আগরতলা–সাবরুম জাতীয় সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই যুবক। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। TR01AX9775 নম্বরের বাইকে ছিলেন গকুলপুরের রোহন দেবনাথ (২৬) ও বিশাল পাল (২৪)। তারা রাজারবাগ বাসস্ট্যান্ড এলাকা থেকে গকুলপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অন্যদিকে, TR03E8872 নম্বরের বাইকে ছনবন থেকে উদয়পুর সুকান্ত পল্লীর বাড়ির দিকে যাচ্ছিলেন রফিক মিয়া (৪২)।হাউজিং বোর্ড এলাকায় জাতীয় সড়কের উপর দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা ও অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান।হাসপাতালে চিকিৎসকরা রফিক মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, রোহন দেবনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। তবে অ্যাম্বুলেন্সে করে আগরতলা নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।দুর্ঘটনায় আহত বিশাল পালকে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক টিম ও রাধাকিশোরপুর থানার পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।বিশ্বকর্মা পূজার রাতে পরপর দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি উৎসবের সময় সড়কে অতিরিক্ত গতি, অসতর্কতা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *