কৈলাসহর, ১৯ জুন: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মনু ল্যান্ড কাস্টম সংলগ্ন প্রেস ক্লাব এলাকার বেহাল রাস্তার কারণে একটি রড বোঝাই টুকটুক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অবস্থার কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শুক্রবার ওই রাস্তা দিয়ে রড বোঝাই একটি টুকটুক যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যানটি রাস্তার উপর উল্টে যায়।তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ এই সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে রয়েছে। একাধিকবার প্রশাসনের নজরে বিষয়টি আনা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বলেন, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সীমান্ত এলাকার এই গুরুত্বপূর্ণ সড়কের দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
বেহাল রাস্তার বলি! মনু ল্যান্ড কাস্টম সংলগ্ন সড়কে উল্টে গেল রড বোঝাই টুকটুক
