শনিবার রাতে কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গাড়িতে থাকা পাঁচজনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, কমলপুর ট্রাফিক ইনচার্জ পঙ্কজ দেবনাথ এবং কমলপুর থানার ওসি সুমন আচার্যের যৌথ নেতৃত্বে দুর্গা চৌমুহনী এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় ধর্মনগর থেকে আগরতলাগামী TR 01 CD 0692 নম্বরের একটি বোলেরো গাড়িকে সন্দেহ হওয়ায় থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ।আটক পাঁচজনের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, উদ্ধার হওয়া টাকা সুপারি ব্যবসার লেনদেনের অর্থ। তবে টাকার উৎস সম্পর্কে তাদের বক্তব্যে অসংগতি পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ফলে বিষয়টি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।উদ্ধার হওয়া ৪০ লক্ষ টাকা মেশিনের মাধ্যমে গণনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলপুর মহকুমার ডিসিএম অদিতি দাস, এসডিপিও সৌরভ দাস, পুলিশ অফিসার কপিল পাল-সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সাব-ইন্সপেক্টররা।টাকার প্রকৃত উৎস কী, কার কাছ থেকে এই অর্থ এসেছে এবং এর সঙ্গে কোনো চক্র জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক পাঁচজন ও উদ্ধার হওয়া ৪০ লক্ষ টাকা আগামীকাল আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বোলেরোতে ৪০ লাখ টাকা! কমলপুরে নাকা চেকিংয়ে আটক ৫
