বাইখোড়া, ২২ জুন:জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইখোড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বেহাল পরিকাঠামো ও ভগ্নদশা ঘিরে উদ্বেগ বাড়ছে ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালসহ একাধিক অংশ দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের বিভিন্ন ভবন ও অবকাঠামো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। অনেক শ্রেণিকক্ষে পর্যাপ্ত বসার ব্যবস্থা নেই বলেও অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা।অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের দাবিতে বিদ্যালয় পরিদর্শকের পক্ষ থেকেও জেলা শিক্ষা দপ্তরে আবেদন জানানো হয়েছিল বলে জানা গেছে।এলাকাবাসীর দাবি, দ্রুত বিদ্যালয়ের সংস্কার ও প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়ন করা হোক, যাতে ছাত্র-ছাত্রীরা নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে। একইসঙ্গে জোলাইবাড়ী বিধানসভা এলাকার উন্নয়ন নিয়েও স্থানীয় মহলে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে।এখন দেখার বিষয়, বিদ্যালয়ের এই সমস্যার সমাধানে শিক্ষা দপ্তর ও রাজ্য সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।
ভগ্নদশায় বাইখোড়া এইচএস স্কুল, নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে ক্ষোভ স্থানীয়দের
