উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের অধিকাংশ রাস্তাঘাট বর্তমানে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা এবং সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন ই-রিকশা চালক, মোটরবাইক আরোহী, ছোট-বড় গাড়ির চালক থেকে শুরু করে সাধারণ পথচারীরা।বিশেষ করে রাজবাড়ি ভি মার্ট শপিং মল থেকে রাজবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকার রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় বলে অভিযোগ স্থানীয়দের। বৃষ্টির জলে রাস্তার গর্ত ঢেকে থাকায় কোথায় কত বড় খাদ রয়েছে তা বোঝা যাচ্ছে না। ফলে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনার ঘটনা ঘটছে। কখনও ই-রিকশা উল্টে যাচ্ছে, আবার কখনও বাইক পিছলে পড়ে আহত হচ্ছেন সাধারণ মানুষ।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল চিত্র চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে ধর্মনগরের মানুষকে দুর্ভোগের মধ্যেই দিন কাটাতে হচ্ছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একই পরিস্থিতি বিরাজ করায় জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।পথচারীদের বক্তব্য, দিনের বেলাতেই যেখানে চলাচল কঠিন হয়ে পড়েছে, সেখানে রাতের অন্ধকারে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। শুধু তাই নয়, রাস্তার খারাপ অবস্থার প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যেও। দুর্ভোগ এড়াতে অনেকেই শহরমুখী হতে চাইছেন না বলে জানান ব্যবসায়ীরা।এদিকে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। কেন এখনও দ্রুত রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু করা হচ্ছে না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও নাগরিক পরিষেবার এই করুণ চিত্র নিয়ে শহরজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।ধর্মনগরবাসীর একটাই দাবি— অবিলম্বে শহরের বেহাল রাস্তাগুলির সংস্কার কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করতে হবে। নইলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায় এড়াতে পারবে না প্রশাসন।
ভাঙা রাস্তায় অতিষ্ঠ ধর্মনগরবাসী! প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে শহরবাসী
