Headlines

মনীষা দাসের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বটতলায় বিক্ষোভ, সরব ছাত্র-যুব সংগঠনগুলি

ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হোস্টেল কেয়ারটেকার মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বিক্ষোভে সরব হলো বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন।রবিবার বটতলা এলাকায় অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংঘ (AIMSS), অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (AIDSO) এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (AIDYO)-এর যৌথ উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা মনীষা দাসের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।বিক্ষোভকারীদের অভিযোগ, এই মৃত্যুর ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্নের এখনও সন্তোষজনক উত্তর মেলেনি। তাই সত্য উদঘাটন এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত অত্যন্ত জরুরি বলে তারা মনে করেন।প্রতিবাদ মঞ্চ থেকে সংগঠনগুলির নেতৃবৃন্দ বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনতে হবে এবং মৃতার পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়।এই বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র-যুব ও মহিলা সংগঠনের বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। তাঁদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন। বিক্ষোভে মনীষা দাসের মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার বিভাগীয় তদন্তের দাবিতে স্লোগানও তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *