Headlines

মাতাবাড়িতে শুরু সরকারি ধান ক্রয়, ১,৮০০ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা

উদয়পুর, নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় কার্যক্রমের শুভ সূচনা হলো। শনিবার সকাল ১১টায় উদয়পুরের মাতাবাড়ি ব্লকের কল্যাণদিঘির মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই ধান ক্রয় কেন্দ্র চালু করা হয়।কেন্দ্র চালু হওয়ার পর থেকেই মাতাবাড়ি ব্লকের বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তাঁদের উৎপাদিত ধান নিয়ে ক্রয় কেন্দ্রে ভিড় করেন। ছোট-বড় বিভিন্ন যানবাহনে করে ধান নিয়ে আসতে দেখা যায় কৃষকদের। সরকারি ব্যবস্থাপনায় সরাসরি ধান বিক্রির সুযোগ পেয়ে তাঁদের মধ্যে উৎসাহও ছিল চোখে পড়ার মতো।মাতাবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অজয় দেববর্মা জানান, মাতাবাড়ি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের কাছ থেকে মোট ১,৮০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ আগস্ট পর্যন্ত এই ধান ক্রয় কার্যক্রম চলবে।তিনি আরও জানান, ধান বিক্রির জন্য ইতিমধ্যেই ৬৩৬ জন কৃষক নাম নথিভুক্ত করেছেন। সরকারি নিয়ম অনুযায়ী শুধুমাত্র নিবন্ধিত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হচ্ছে। কৃষকদের সুবিধার কথা বিবেচনা করেই এই ক্রয় কেন্দ্র চালু করা হয়েছে।সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষকরা বলেন, খোলা বাজারে অনেক সময় উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু সরকারের সরাসরি ধান ক্রয় কর্মসূচির ফলে তাঁরা ন্যায্য মূল্য পাচ্ছেন, যা তাঁদের আর্থিকভাবে লাভবান করছে এবং ভবিষ্যতে আরও বেশি করে কৃষিকাজে উৎসাহিত করবে।কৃষি মহলের মতে, এই ধরনের সরকারি ধান ক্রয় কর্মসূচি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি রাজ্যের কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। মাতাবাড়িতে শুরু হওয়া এই উদ্যোগ আগামী দিনে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক পদক্ষেপ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *