উদয়পুর, ৩০ জুন: মাতাবাড়ির রামঠাকুর আশ্রম সংলগ্ন কল্যাণ সাগরের পূর্ব পাড়ে শ্রী মাতা ত্রিপুরাসুন্দরী সিদ্ধ পীঠম ট্রাস্ট-এর উদ্যোগে আগামী ১ থেকে ৩ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে ভূমি পূজা ও মন্দির প্রতিষ্ঠা মহোৎসব। এই উপলক্ষে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূজ্য গুরুজি আচার্য শঙ্কর জী, এন মুরোলিধরন, পার্থ সারথি দাস, প্রশান্ত পোদ্দারসহ ট্রাস্টের অন্যান্য প্রতিনিধিরা।পূজ্য গুরুজি আচার্য শঙ্কর জী জানান, বিধায়ক অভিষেক দেবরায়-এর ভাবনা এবং মা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদে এই পীঠম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয়, বরং ভক্তি, জ্ঞান, মানবসেবা ও সাংস্কৃতিক মূল্যবোধের সমন্বয়ে একটি আধ্যাত্মিক ও সামাজিক পুনর্জাগরণের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।তিনি জানান, এখানে শ্রীবিদ্যা সাধনা, শাস্ত্রচর্চা, যুবসমাজের নৈতিক শিক্ষা, মানবসেবা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রতিষ্ঠা মহোৎসবে সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবে কন্যা পূজন ও কলশ যাত্রায় জনজাতি সমাজের কন্যা ও মহিলাদের বিশেষ অংশগ্রহণও থাকবে।আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, ১ জুলাই ১২ ঘণ্টার অখণ্ড সংকীর্তন, ধর্মধ্বজ যাত্রা ও শিলা সংকল্পের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। ২ জুলাই গুরুপরম্পরা পূজা, ভূমি সমর্পণ, রঙোলি উৎসব এবং কল্যাণ সাগরের পাড়ে ১০০৮ প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দীপ মহোৎসব অনুষ্ঠিত হবে।৩ জুলাই অনুষ্ঠিত হবে কলশ যাত্রা, ১০৮ কন্যাকুমারী পূজা, ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়সহ অন্যান্য বিশিষ্ট অতিথিদের। পাশাপাশি আয়োজন করা হবে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিবেশনার।আয়োজকদের আশা, ভবিষ্যতে এই শ্রী মাতা ত্রিপুরাসুন্দরী সিদ্ধ পীঠম আধ্যাত্মিক সাধনা, মানবসেবা এবং সামাজিক সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
মাতাবাড়িতে ‘শ্রী মাতা ত্রিপুরাসুন্দরী সিদ্ধ পীঠম’-এর ভূমি পূজা ১ জুলাই থেকে, তিনদিনের ধর্মীয় মহোৎসব
