Headlines

‘মেম, নিঃশ্বাস নেব কীভাবে?’— বিলোনিয়া জেবি স্কুলে গাছ কাটাকে ঘিরে বিতর্ক

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি সংলগ্ন জেবি স্কুলে একাধিক গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের কথা থাকলেও স্কুল প্রাঙ্গণের প্রায় সব বড় গাছ কেটে ফেলা হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ।ঘটনার পর সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে তৃতীয় শ্রেণির ছাত্রী পূরুবী দাসের একটি প্রশ্ন— “মেম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” ছোট্ট এই প্রশ্নই পরিবেশ সংরক্ষণ নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে অনেককে।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ পাল জানান, তিনি শুধুমাত্র দুটি ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ এবং কয়েকটি গাছের ডাল ছাঁটার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তার চেয়ে অনেক বেশি গাছ কেটে ফেলা হয়েছে বলে তিনি দাবি করেন।অন্যদিকে, মহকুমা শাসকের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট কাউন্সিলরের রিকুইজিশনের ভিত্তিতে বনদপ্তরের সঙ্গে সমন্বয় করেই গাছ কাটা হয়েছে। নতুন কোনো ভবন নির্মাণের পরিকল্পনা নেই বলেও তিনি জানান। কোন গাছ অপসারণ করা হবে, সে বিষয়ে স্থানীয় পর্যায় থেকেই তালিকা দেওয়া হয়েছিল বলে প্রশাসনের দাবি।ঘটনার পর এলাকায় পরিবেশ রক্ষা এবং গাছ সংরক্ষণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের প্রশ্ন, নিরাপত্তার প্রয়োজন থাকলেও সবুজ পরিবেশ রক্ষায় আরও বিকল্প ব্যবস্থা নেওয়া যেত কি না। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *