মেয়ের ভবিষ্যৎ ও বিয়ের কথা ভেবে বছরের পর বছর ধরে জমানো সঞ্চয়। সেই কষ্টার্জিত টাকাই প্রতারণার অভিযোগে উধাও হয়ে যাওয়ায় দিশেহারা মেলাঘরের ইন্দিরা নগরের বাসিন্দা আয়েশা বিবি।অভিযোগ, মেয়ের দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য মেলাঘরের ঠাকুরপাড়ার বাসিন্দা এজেন্ট অমর শীলের উপর ভরসা করেছিলেন আয়েশা বিবি। তিনি লেখাপড়া না জানায় পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে এলআইসি-র একটি স্কিমে টাকা নেওয়া হয় বলে অভিযোগ।আয়েশার অভিযোগ, প্রথম কয়েক বছর নিয়মিত টাকা জমা দেওয়ার পর পরবর্তীতে প্রতি মাসে তাঁর কাছ থেকে কিস্তির টাকা নেওয়া হলেও সেই অর্থ সংশ্লিষ্ট সংস্থায় জমা করা হয়নি। বরং টাকা অভিযুক্তের নিজের অ্যাকাউন্টে চলে গেছে বলে অভিযোগ উঠেছে।বিষয়টি জানাজানি হওয়ার পর টাকা ফেরত চাইলে এবং অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন আয়েশা বিবি। বর্তমানে অভিযুক্ত অমর শীলের কোনো খোঁজ মিলছে না বলে দাবি তাঁর।মেয়ের ভবিষ্যতের জন্য জমানো অর্থ হারিয়ে অবশেষে সুবিচারের আশায় ১৫ সেপ্টেম্বর মেলাঘর থানায় অভিযোগ দায়ের করেন আয়েশা বিবি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন প্রশ্ন, দীর্ঘদিনের সঞ্চয় হারানো এই মহিলার অভিযোগের সত্যতা কতটা এবং অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় পুলিশ—সেদিকেই নজর থাকবে।
মেয়ের বিয়ের সঞ্চয় উধাও! পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ মেলাঘরে
