লটারির কুপনের মাধ্যমে মোবাইল, ফ্রিজ, কুলার ও ফ্যান জেতার প্রলোভন দেখিয়ে চড়া দামে কাপড়সহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, কুমারঘাট মহকুমার ফটিকরায় এলাকার দুই যুবক আনন্দবাজারের বিভিন্ন গ্রামে ঘুরে কম দামের কাপড়ের সঙ্গে লটারির কুপন দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে তুলনামূলক বেশি দাম নিচ্ছিলেন। স্থানীয়দের দাবি, তাদের কাছে মূলত কুলার ও ফ্যান ছিল এবং সেগুলিও বাজারদরের তুলনায় বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।লটারির কুপন এবং পুরস্কার পাওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সোমবার সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে দুই যুবককে আটক করে আনন্দবাজার থানার পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।ঘটনায় লটারির কুপনটি আদৌ বৈধ কি না এবং এর আড়ালে প্রতারণার কোনো চক্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি উঠেছে।
লটারির লোভে চড়া দামে কাপড়! সন্দেহে দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা
